হোয়াটসঅ্যাপ কলিংয়ে রেকর্ড

৩ জানুয়ারি, ২০২১ ১৫:২৫  
নতুন বছরের শুরুতেই একদিনের কলিংয়ের সর্বোচ্চ রেকর্ড করেছে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। ইংরেজি নববর্ষের শুরুতেই বিশ্বজুড়ে এক কোটি ৪০ লাখের বেশি ভয়েস ও ভিডিও কল করেছেন এর গ্রাহকরা। বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন বলছে, এক বছর আগের চেয়ে ২০২০ সালে নববর্ষের শুরুতে হোয়াটসঅ্যাপ কলিং ৫০ শতাংশের বেশি বেড়েছে। আর সেক্ষেত্রে সবচেয়ে বেশি চাহিদা বেড়েছে ভিডিও কলিং ফিচারে। ফেসবুকের কারিগরি প্রকল্প ব্যবস্থাপক কেইটলিন ব্যানফোর্ড এক বিবৃতিতে বলেছেন, “২০২০ সালের মার্চ মাসে যে ট্রাফিক দেখা গেছে, তা নববর্ষের শুরুর ট্রাফিককে কয়েক দফা পেছনে ফেলবে এবং এটি কয়েক মাস ধরে চলেছে। এই বছর নববর্ষের শুরুতে আরও ভিন্ন চিত্র দেখা গেছে। মেসেঞ্জারে ইফেক্ট দিয়েও উদযাপন করেছেন গ্রাহক এবং যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় এআর (অগমেন্টেড রিয়ালিটি) ইফেক্ট ছিলো “২০২০ ফায়ারওয়ার্কস”।